এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫ শতাংশ
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৪ সালে এ হার ছিল ৮৩.০৪ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়।
চলতি বছর ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল। তাদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।
পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে।
তবে পরীক্ষার প্রথম দিনেই ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। ধীরে ধীরে এ সংখ্যা আরও বাড়ে। সব মিলিয়ে প্রায় ১৯ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
বিশ্লেষকরা মনে করছেন, এ বছর পাসের হার হ্রাস পাওয়ার পেছনে বিভিন্ন সামাজিক, মানসিক ও পাঠ্য সংকট ভূমিকা রাখতে পারে।

