খুলনায় অপহৃত খাদ্য পরিদর্শক উদ্ধার, হাত-পা ও চোখ বাঁধা ছিল
খুলনায় অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিল বলে জানা গেছে। পরে পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে তারা।
এ ঘটনায় রাতেই খুলনা থানায় একটি লিখিত অভিযোগ করেন সুশান্ত কুমারের স্ত্রী মাধবী রানী মজুমদার।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। একাধিক ইউনিট সমন্বিতভাবে অভিযানে নামে। পুলিশের চাপ বাড়তে থাকলে অপহরণকারীরা আতঙ্কিত হয়ে তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় সুশান্তকে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরও জানান, অপহরণকারীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণ নিয়েছিল। পরিবার থেকে কিছু অর্থ দেওয়া হয়েছিল বলেও তিনি জানান। ওই লেনদেনে ব্যবহৃত মোবাইল নম্বর ও এজেন্টের সূত্র ধরে একজন মোবাইল ব্যাংকিং এজেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

