চাঁনখারপুলে ৬ জনকে হত্যা

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫৭ অপরাহন, জুলই ১৪, ২০২৫

চাঁনখারপুলে ২০২৪ সালের বহুল আলোচিত ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৪ জুলাই) বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ আগস্ট দিন ধার্য করেছে।

আদালতে এদিন উপস্থিত ছিলেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল।

পলাতক চারজন হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুল এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সময় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬ জন নিহত হন।

নিহতদের পরিবার এবং আন্দোলনকারীদের অভিযোগ, এটি ছিল ‘পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’। ঘটনার প্রায় এক বছর পর ২০২৫ সালের ২৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলাটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে আমলে নেয়।

Nagad

এই একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আরও পাঁচটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য: সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলা: তিন আসামিকে আদালতে হাজির করা হয়। রামপুরা হত্যাকাণ্ড: ছাদ থেকে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যার মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকারসহ দু’জনকে হাজির করা হয়।

কল্যাণপুরে ‘জঙ্গি নাটক’ হত্যাকাণ্ড: ২০১৬ সালে কল্যাণপুরে ৯ তরুণকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

উল্লেখযোগ্য, এসব মামলার অনেকগুলোর তদন্ত এখনো শেষ হয়নি। প্রসিকিউশন এসব মামলার জন্য অতিরিক্ত সময় চেয়েছে বলে জানা গেছে।