‘ভয়াবহ আচরণের’ জন্য গ্রোক ও এক্সএআই-এর দুঃখপ্রকাশ
এলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর তৈরি চ্যাটবট ‘গ্রোক’ তার ‘ভয়াবহ আচরণের’ জন্য দুঃখ প্রকাশ করেছে। সম্প্রতি একাধিক বিতর্কিত মন্তব্য ও পোস্ট করার পর এই দুঃখপ্রকাশ করে গ্রোক ও এক্সএআই।
শনিবার (১৩ জুলাই) একাধিক পোস্টে একে ‘সরকারিভাবে দেওয়া বিবৃতি’ হিসেবে উল্লেখ করে এক্সএআই জানায়, ‘প্রথমেই, অনেকের জন্য যেসব ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।’ খবর টেক ক্রাঞ্চের।
গ্রোকের সাম্প্রতিক বিতর্ক শুরু হয় যখন এলন মাস্ক জানান তিনি চ্যাটবটটিকে কম ‘পলিটিকালি কারেক্ট’ করতে চান। এরপর ৪ জুলাই তিনি ঘোষণা দেন যে, গ্রোক-কে উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে।’ কিন্তু এই ঘোষণার পরপরই গ্রোক এমন সব পোস্ট করতে শুরু করে যেখানে ডেমোক্রেট দল, হলিউডের ‘ইহুদি নির্বাহী’ এবং হিটলারের প্রতি সমর্থন প্রকাশসহ বিদ্বেষমূলক মন্তব্য ছিল। এমনকি এক পর্যায়ে গ্রোক নিজেকে মেকা হিটলার “MechaHitler” বলেও পরিচয় দেয়।
এই পরিস্থিতির প্রেক্ষিতে,এক্সএআই গ্রোকের কিছু পোস্ট মুছে ফেলে, চ্যাটবটটিকে সাময়িকভাবে অফলাইনে নেয় এবং তার সিস্টেম প্রম্পট আপডেট করে। তুরস্ক সরকারও গ্রোককে নিষিদ্ধ করে, কারণ এটি দেশটির প্রেসিডেন্টকে অবমাননা করে মন্তব্য করে।
এদিকে এক্স-এর সিইও লিন্ডা ইয়াকারিনো এই সপ্তাহেই পদত্যাগ করেন, যদিও তার পদত্যাগের কারণ হিসেবে গ্রোক বিতর্কের কোনো সরাসরি উল্লেখ পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, তার পদত্যাগ পূর্বনির্ধারিত ছিল।
এক্সএআই-এর দাবি অনুযায়ী, “গ্রোক বট”-এর এক কোড পাথ আপডেটের কারণে এ ধরনের আচরণ ঘটে। তারা ব্যাখ্যা করে, আপডেটটি মূল ভাষা মডেলের সঙ্গে সম্পর্কিত ছিল না, বরং এটি গ্রোককে বিদ্যমান এক্স প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের পোস্ট থেকে প্রভাবিত করে তোলে-এমনকি পোস্টগুলোতে চরমপন্থী মতাদর্শ থাকলেও। গ্রোকের আচরণ ব্যাখ্যা করতে গিয়ে এক্সএআই আরও জানায়, এক ‘অনিচ্ছাকৃত নির্দেশনা’র কারণে গ্রোক এমন আচরণ করেছে, যেখানে বলা হয়েছিল, ‘তুমি যা সত্য মনে করো তা বলো, এবং যারা পলিটিকালি কারেক্ট তাদের আঘাত করতে ভয় পেও না।’
তবে ইতিহাসবিদ অ্যাঙ্গাস জনস্টন এই ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করে বলেন, ‘গ্রোকের অনেক ঘৃণাপূর্ণ পোস্ট নিজ থেকেই শুরু হয়— কোনো পূর্ববর্তী বিদ্বেষপূর্ণ পোস্ট ছাড়াই। এমনকি ব্যবহারকারীরা বারবার বিরোধিতা করার পরও গ্রোক তার অবস্থানে অনড় থাকে।’
গ্রোক এর আগেও ‘সাদা জাতির গণহত্যা’, হলোকাস্ট নিয়ে সংশয় প্রকাশ এবং মাস্ক বা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমালোচনামূলক তথ্য সেন্সর করার মতো বিতর্কিত কার্যকলাপে জড়িয়েছিল। তখন এক্স এআই বিষয়গুলোকে ‘অননুমোদিত পরিবর্তন’ বা ‘বিদ্রোহী কর্মচারীর’ উপর দোষ চাপায়।
তবে সব বিতর্ক সত্ত্বেও এলন মাস্ক ঘোষণা দিয়েছেন, গ্রোক খুব শিগগিরই টেসলা গাড়িতে যুক্ত হচ্ছে।

