সাত সরকারি কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০ জুলাইয়ের মধ্যে, সেকেন্ড টাইমের সুযোগ
রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে। চলতি জুলাই মাস থেকেই অনলাইনে আবেদন কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কলেজগুলোর অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস।
তিনি জানান, এ বছর থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে সাত কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ভর্তি বিজ্ঞপ্তি চূড়ান্ত করার কাজ চলছে।
অধ্যাপক ইলিয়াস বলেন, ‘বিজ্ঞপ্তির খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করা হচ্ছে। আমরা চাচ্ছি চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে। তবে ২০ জুলাইয়ের মধ্যে তা নিশ্চিতভাবে প্রকাশ করা হবে।’
ভর্তি পরীক্ষা কবে হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে পরিকল্পনা রয়েছে আগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বরের শুরুতে ভর্তি পরীক্ষা নেওয়ার। দ্রুত ফল প্রকাশ করে অক্টোবরে ক্লাস শুরু করতে চাই।’
এবারও বিদ্যমান আসন কাঠামো অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। তবে যেসব বিভাগে একেবারে শিক্ষক নেই, সেখানে ভর্তি স্থগিত রাখা হতে পারে বলে জানান প্রশাসক। তিনি বলেন, ‘ছাত্রছাত্রীরা শ্রেণিকক্ষের ধারণক্ষমতা অনুযায়ী ভর্তি চাইলেও তা এবার পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়। আগামীতে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।’
সাত কলেজে এবারও সেকেন্ড টাইমের সুযোগ থাকছে বলে জানানো হয়েছে। ২০২৩ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রশাসক জানিয়েছেন, আগামী বছর থেকে সেকেন্ড টাইম বাতিল হতে পারে।
ভর্তি পরীক্ষা হবে পূর্বের মতো সনাতন পদ্ধতিতে। তবে এবার প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে বুয়েটের সঙ্গে আলোচনা চলছে। চূড়ান্ত হলে ভর্তির টেকনিক্যাল দিকটি বুয়েট দেখবে।
উল্লেখ্য, ঢাবির অধিভুক্ত থাকা অবস্থায় সাত কলেজে সর্বশেষ এক দফা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তখন মোট আসন ছিল ২৩ হাজার ৫২৮টি। এর মধ্যে বিজ্ঞান অনুষদে ৮,৬২৭টি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১০,০১৯টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ৪,৮৯২টি আসন ছিল।
সাত সরকারি কলেজ: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজ।

