এনবিআরের ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, আন্দোলনে অংশ নেওয়ায় শাস্তি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ দাবিতে চলমান আন্দোলনে অংশ নেওয়ায় আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: মাসুমা খাতুন (যুগ্ম-কর কমিশনার, কর অঞ্চল-২, ঢাকা), মুরাদ আহমেদ (যুগ্ম-কর কমিশনার, কর অঞ্চল-১৫, ঢাকা), মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান (যুগ্ম-কর কমিশনার, কর অঞ্চল-কুষ্টিয়া), মোনালিসা শাহরীন সুস্মিতা (যুগ্ম-কর কমিশনার, কর অঞ্চল-নোয়াখালী), মো. আশরাফুল আলম প্রধান (যুগ্ম-কর কমিশনার, কর অঞ্চল-কক্সবাজার), মোহাম্মদ শিহাবুল ইসলাম (উপ-কর কমিশনার, কর অঞ্চল-খুলনা),মোসা. নুশরাত জাহান শমী (উপ-কর কমিশনার, কর অঞ্চল-রংপুর), ইমাম তৌহিদ হাসান শাকিল (উপ-কর কমিশনার, কর অঞ্চল-কুমিল্লা)।

প্রজ্ঞাপনে বলা হয়, ২২ জুন জারি করা বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলা এবং তা অবজ্ঞা করায় তাদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী বিভাগীয় তদন্তপূর্বক সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

এর আগে, এনবিআরের কিছু কর্মকর্তা ২৪ জুন আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে বদলির দুটি আদেশ ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান। সেই ঘটনায় আলোচিত হন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর জেরে চলমান উত্তেজনা ও প্রতিবাদ কর্মসূচির মধ্যেই এনবিআরের চার শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) ১১ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।

এদিকে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন সাময়িক স্থগিত থাকলেও অভ্যন্তরীণ অস্থিরতা ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে জটিলতা ক্রমেই বাড়ছে।

Nagad