বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ: দুটি ট্রলারসহ ভারতীয় ৩৪ জেলে আটক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

সংগৃহীত ছবি

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের সময় বঙ্গোপসাগর থেকে ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে গভীর সমুদ্রের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটক জেলেদের বাগেরহাটের আদালতে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটক ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করছিলেন। এ সময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গলচণ্ডি-৩৮’ নামের দুটি ফিশিং ট্রলার জব্দ করা হয়। এই দুটি ট্রলারে মোট ৩৪ জন জেলে অবস্থান করছিলেন।

অভিযান চলাকালে ট্রলারগুলো থেকে বিপুল পরিমাণ ইলিশসহ প্রায় ১০০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় মৎস্য কর্মকর্তার তত্ত্বাবধানে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

বাংলাদেশের জলসীমায় এই ধরনের অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করা হতে পারে বলেও একটি সূত্র জানিয়েছে।

Nagad