দলিল ফাঁসের অভিযোগ, এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসান সাময়িক বরখাস্ত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব ও উপকর কমিশনার মুকিতুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রের গোপনীয় নথিপত্র ফাঁস করার অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১৬ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মুকিতুল হাসান রাষ্ট্রের ‘অত্যন্ত গোপনীয় দলিল’ প্রকাশ করে সরকারি চাকরির শৃঙ্খলা পরিপন্থি আচরণ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (১) ধারা অনুযায়ী তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো না হলেও, কর্মকর্তারা বলছেন— এ ধরনের তথ্য ফাঁস জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প ছিল না।

