সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্, জুলই ১৭, ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার সংসদে (নেসেট) সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার অতি-অর্থডক্স ইহুদি দল শাস পার্টি সরকার থেকে সরে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দলটি জানায়, ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবায় অন্তর্ভুক্ত করার আইন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তারা সরকার ত্যাগ করছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতেই আরেকটি অতি-অর্থডক্স দলও সরকার থেকে পদত্যাগ করে।

ফলে, বর্তমানে নেতানিয়াহু একটি সংখ্যালঘু সরকার পরিচালনা করতে যাচ্ছেন, যা তার প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

ইসরায়েলে সব নাগরিকের জন্য সামরিক সেবা বাধ্যতামূলক হলেও অতি-অর্থডক্স সম্প্রদায় বরাবরই এই নীতির বিরোধিতা করে আসছে। ধর্মীয় শিক্ষা ও জীবনযাত্রার অজুহাতে তারা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চায়। এই ইস্যুতে সরকার ও ধর্মীয় দলগুলোর মধ্যে বহুদিন ধরেই টানাপোড়েন চলছিল।

তবে শাস পার্টি জানিয়েছে, তারা সরকার থেকে বেরিয়ে গেলেও নেতানিয়াহুর সরকার পতনের জন্য সক্রিয়ভাবে কাজ করবে না।

অন্যদিকে, বিরোধী দলীয় এক নেতা বলেছেন, ‘নেতানিয়াহু এখন একটি ‘অবৈধ সংখ্যালঘু’ সরকার চালাচ্ছেন। এই সরকার এখন গাজা যুদ্ধ কিংবা সৌদি আর সিরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা—কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নিতে পারবে না।’

Nagad

তিনি আরও দাবি করেন, ‘বর্তমান নেতানিয়াহু প্রশাসন কার্যত সব ধরনের রাজনৈতিক বৈধতা হারিয়েছে।’