বগুড়ায় ঘরে ঢুকে দাদি ও নাতি-বউকে ছুরিকাঘাতে হত্যা, আহত আরেকজন

বগুড়া সংবাদদাতা:বগুড়া সংবাদদাতা:
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্, জুলই ১৭, ২০২৫

বগুড়ায় নিজ ঘরে ঢুকে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী। নিহতরা হলেন ইসলামপুর হরিগাড়ী এলাকার লাইলী বেওয়া (৮৩) ও তার নাতির স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। আহত বন্যা নামে অপর নারীকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা ঘটে বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত লাইলী বেওয়া মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী এবং হাবিবা ইয়াসমিন পারভেজ ইসলামের স্ত্রী। ঘটনার সময় বন্যা নামের এক তরুণী দাদি ও ভাবির সঙ্গে বসবাস করছিলেন।

বন্যার চাচা আব্দুস সালাম জানান, তার ভাগনির (বন্যা) সঙ্গে সৈকত নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, তবে পরিবার তাতে রাজি হয়নি। এই বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই গাজিউল হক বলেন, ঘটনার সময় বন্যা তার ঘরে সৈকতের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হলে সৈকত বন্যাকে ছুরিকাঘাত করে। তখন বাঁচাতে এগিয়ে এলে প্রথমে হাবিবাকে এবং পরে দাদি লাইলী বেওয়াকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তারা মারা যান।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্ত সৈকতকে ধরতে অভিযান শুরু হয়েছে। আহত বন্যার শরীরে তিনটি ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Nagad