আবারও সক্রিয় মুজিববাদী-ভারতপন্থি শক্তি: সারজিস আলম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৪ অপরাহন, জুলই ১৯, ২০২৫

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, ‘বাংলাদেশে আবারও মুজিববাদী-ভারতপন্থি শক্তি সক্রিয় হচ্ছে।’ তিনি বলেন, ‘এই শক্তিকে শুধু আইনের মাধ্যমে মোকাবিলা করা যাবে না; রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে এদের কোমর ভেঙে দিতে হবে।’

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সারজিস বলেন, ‘অভ্যুত্থানের এক জুলাই পার করে আরেক জুলাইয়ে এসেছি, কিন্তু ষড়যন্ত্রের শেষ হয়নি। গোপালগঞ্জে এখনও মুজিববাদীরা আস্তানা গেড়ে রয়েছে। তাদের চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মুজিববাদের প্রশ্নে অভ্যুত্থানের সব সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা কোনো দলের বিরুদ্ধে নয়, এটা একটি মতাদর্শের বিরুদ্ধে সংগ্রাম।’

এনসিপি নেতার ভাষ্য, ‘দেশে ভারতপন্থি শক্তি আর কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কোনো স্থান নেই এবং হবে না।’

তিনি বলেন, ‘গত ৫ আগস্ট যে স্বপ্ন আমরা দেখেছিলাম, তা এখনও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। বিচার বিভাগ যেন কোনো দলের হাতিয়ার না হয়—এমনটাই চায় জনগণ।’

নতুন সংবিধান প্রণয়ন ও গণপরিষদ নির্বাচনের দাবিও তোলেন তিনি।

Nagad

ফ্যাসিস্টবিরোধী শক্তিগুলোর উদ্দেশে সারজিস আলম বলেন, ‘ঐক্যবদ্ধ থাকতে হবে, তবে অন্ধভাবে কারো দালালি করে নয়। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটার সৌন্দর্য যেন রক্ষা পায়। তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে।’