ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃস্থাপন, জানালেন শীর্ষ সেনা কর্মকর্তা
গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃস্থাপন করেছে ইরান। রোববার (২০ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর অপারেশন প্রধান মাহমুদ মোসাভি।
তিনি বলেন, ‘জায়নিস্ট শত্রু আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করতে চেয়েছিল। তাদের সেই হামলায় আমাদের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন আমরা সেগুলো পুনঃস্থাপন করেছি।’
উল্লেখ্য, গত জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের ওপর নজিরবিহীন বিমান হামলা চালায়। পাল্টা জবাবে তেহরান ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই ১২ দিনের সংঘর্ষে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে, কিন্তু ক্ষয়ক্ষতিও ছিল ব্যাপক।
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে দেশীয়ভাবে তৈরি বাভার-৩৭৩ ও খোরদাদ-১৫ সিস্টেম, যা বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। পাশাপাশি রয়েছে রাশিয়ার সরবরাহকৃত এস-৩০০ সিস্টেমও, যা ২০১৬ সাল থেকে ইরানের প্রতিরক্ষা নেটওয়ার্কে যুক্ত রয়েছে।
ইরান দাবি করছে, এই যুদ্ধে তাদের এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে, ইরানি হামলায় ইসরায়েলে অন্তত ২৮ জন নিহত হয়েছে বলে জানানো হয়।
এছাড়া গত ২২ জুন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলা চালায়। এসব হামলার লক্ষ্য ছিল ফোর্দো, ইসফাহান ও নাতাঞ্জের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা। এসব হামলায় ইরানের পরমাণু কর্মসূচির কতটা ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

