পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ শুরু টাইগারদের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৫ অপরাহন, জুলই ২০, ২০২৫

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই দারুণ এক জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২০ জুলাই) ৭ উইকেট ও ২৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় লিটন দাসের দল। ম্যাচের নায়ক ছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন, অপরাজিত ৫৬ রানের ইনিংসে ব্যাট হাতে নেতৃত্ব দেন তিনি।

সাম্প্রতিক পাকিস্তান সফরে টাইগাররা হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছিল। এবার ঘরের মাঠে সেই হারার প্রতিশোধ নেওয়ার মিশনে নেমেই দারুণ সূচনা করল স্বাগতিকরা। পাকিস্তানকে মাত্র ১১০ রানে গুটিয়ে দিয়ে জয়ের পথ অনেকটাই সহজ করে দেয় বাংলাদেশি বোলাররা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের তৃতীয় বলে ফখর জামান ক্যাচ দিয়েও জীবন পান, তবে সেই সুযোগ আর কাজে লাগাতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা। ৬ ওভারের পাওয়ার প্লেতেই ৪১ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।

সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা, হাসান নওয়াজদের দ্রুত বিদায়ে চাপে পড়ে পাকিস্তান। তাসকিন, তানজিম সাকিব, শেখ মেহেদি, মোস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা থেমে যায়। মাঝে ফখর জামান কিছুটা প্রতিরোধ গড়লেও ৪৪ রানে রানআউটে কাটা পড়েন তিনি।

শেষ দিকে আব্বাস আফ্রিদি ও খুশদিল শাহ কিছু রান যোগ করলেও তা যথেষ্ট ছিল না। ইনিংসের ১৯তম ওভারে তাসকিন আহমেদ প্রথম বলে আউট করেন ফাহিম আশরাফকে, দ্বিতীয় বলে সালমান মির্জা রানআউট, আর তৃতীয় বলে আব্বাস আফ্রিদিকে ক্যাচে পরিণত করেন। মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে তাসকিন ৩টি, মোস্তাফিজ ২টি এবং শেখ মেহেদি ও সাকিব ১টি করে উইকেট নেন।

Nagad

১১১ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। প্রথম ওভারেই তানজিদ হাসান তামিম আউট হন ১ রানে। এরপর লিটন দাসও একই স্কোরে ফিরে গেলে ৭ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।

তবে সেই চাপ দ্রুত কাটিয়ে ওঠেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। এই দুই তরুণের ব্যাটে ভর করে ৭৩ রানের দারুণ জুটি গড়ে তোলে বাংলাদেশ। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে বোল্ড আউট হলেও, অপর প্রান্তে অবিচল ছিলেন ইমন।

৩৯ বলে ৫৬ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন ইমন। তাকে সঙ্গ দেন জাকের আলী, যিনি ১০ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে সালমান মির্জা ২টি ও আব্বাস আফ্রিদি ১টি উইকেট নেন।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত করবে লিটনের দল। আগের সফরের হতাশা ভুলে ঘরের মাঠে পাকিস্তানকে সিরিজ হারানোর সুবর্ণ সুযোগ এখন টাইগারদের সামনে।