সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদ থেকে আলমগীর কবিরের পদত্যাগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৫ অপরাহন, জুলই ২১, ২০২৫

আলমগীর কবির। ফাইল ছবি

সাউথইস্ট ব্যাংকের দীর্ঘদিনের পরিচালক ও সাবেক চেয়ারম্যান আলমগীর কবির অবশেষে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন। অনিয়ম ও জালিয়াতির অভিযোগে বিতর্কিত হয়ে পড়া এই সাবেক চেয়ারম্যান গতকাল (২০ জুলাই) ব্যাংক কর্তৃপক্ষের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ ও শারীরিক অসুস্থতাকে উল্লেখ করেছেন আলমগীর কবির। যদিও এর আগে ব্যাংকের অভ্যন্তরীণ ও নিয়ন্ত্রক সংস্থার তদন্তে তার বিরুদ্ধে ঋণ জালিয়াতি, শেয়ারবাজারে কারসাজি, ব্যাংকের কেনাকাটায় দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ উঠে আসে।

২০০৪ সাল থেকে টানা ২০ বছর ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আলমগীর কবির। তার বিরুদ্ধে ব্যাংক পরিচালনায় আত্মীয়স্বজন ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্ত করারও অভিযোগ রয়েছে, যার ফলে ব্যাংকটি কার্যত একটি ‘পারিবারিক প্রতিষ্ঠানে’ পরিণত হয় বলে সমালোচকরা উল্লেখ করেছেন।

এর আগে, ২০২৫ সালের ৫ আগস্ট তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়। সেই থেকেই ব্যাংকের অভ্যন্তরে তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে থাকে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সাউথইস্ট ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ছিলেন এম এ কাশেম, যিনি বর্তমানে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন। তিনি এফবিসিসিআইর সাবেক সভাপতি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডেরও সদস্য।

২০২২ সালে এম এ কাশেম, আজিম উদ্দিন ও রেহানা রহমানকে রাজনৈতিক কারণে ব্যাংকের পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে, আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর তারা আবার পর্ষদে ফিরে আসেন।

Nagad