ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। বুধবার (২৩ জুলাই) ব্যাংকের বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক রহমান তার কর্মজীবন শুরু করেন ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক হিসেবে। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একাডেমিক ও পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক, ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইন, ইতালির ইউনিভার্সিটি অব বোকোনি এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপক ও ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকাভিত্তিক জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের (জুমস) প্রতিষ্ঠাতা উপাচার্যও।
বিশ্বব্যাংকে দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে তিনি উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য নীতিনির্ধারণী পরামর্শ, কৌশলগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস ইনিশিয়েটিভ’ নামক বৈশ্বিক কর্মসূচির নেতৃত্ব দেন, যার মাধ্যমে আর্থিক জবাবদিহিতা, স্বচ্ছতা ও গভর্ন্যান্স উন্নয়নে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।
বিশ্বব্যাংকে দায়িত্ব পালনের পাশাপাশি রাশিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তানে আন্তর্জাতিক অডিটিং সংস্থা ডেলোয়েট-এর কার্যক্রম প্রতিষ্ঠা ও পরিচালনায় নেতৃত্ব দেন তিনি।

