মিরপুরে পাকিস্তানের পাল্টা আঘাত, বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য
টি-২০ সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া পাকিস্তান ব্যাট হাতে দেখাল উত্তাপ। টস হেরে ব্যাট করে ৭ উইকেটে ১৭৮ রান তোলে সফরকারীরা। ওপেনিংয়ে সাঈম আইয়ুব ও শাহিবজাদা ফারহান জুটি যোগ করেন ৮২ রান। একাদশে ফেরা ফারহান খেলেন ৪১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস, মারেন ৬ চার ও ৫ ছক্কা।
নাসুম আহমেদ ফিরিয়ে দেন এই দুই ওপেনারকেই, ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নেন ২ উইকেট। তবে তার পরও হাসান নওয়াজের ১৭ বলে ৩৩ ও মোহাম্মদ নওয়াজের ১৬ বলে ২৭ রানে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায় পাকিস্তান।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩৮ রানে ৩ উইকেট নেন, যদিও স্লগ ওভারে রান দিয়েছেন অনেক। শরিফুল ইসলাম ১ উইকেট পেলেও ছিলেন খরুচে। স্পিনার শেখ মেহেদি ও মিরাজও হতাশ করেছেন।
এখন বাংলাদেশের সামনে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেতে ১৭৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। সিরিজ জিতে ফেললেও মিরপুরে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে জিততেই হবে লিটন-তাসকিনদের।