ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স, সেপ্টেম্বরেই ঘোষণা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্, জুলই ২৫, ২০২৫

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জি৭–এর মধ্যে ফ্রান্সই প্রথম দেশ, যারা এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ লেখেন, গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া জরুরি এবং বেসামরিক জনগণকে রক্ষা করতে হবে। শান্তি সম্ভব। আমাদের এখনই যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং গাজার মানুষের জন্য ব্যাপক মানবিক সহায়তা প্রয়োজন।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তির প্রতি আমাদের ঐতিহাসিক প্রতিশ্রুতি থেকেই ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই রাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ লক্ষ্যে ফরাসি প্রেসিডেন্ট ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছেন।

ফিলিস্তিনি পক্ষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল-শেইখ বলেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের প্রতি ফ্রান্সের অঙ্গীকার এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকারের প্রতি সমর্থনকে প্রতিফলিত করে।

হামাস একে সঠিক পথে একটি ইতিবাচক পদক্ষেপ- বলে মন্তব্য করে বিশ্ব সম্প্রদায়কে ফ্রান্সের অনুসরণ করার আহ্বান জানায়। একইভাবে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

Nagad

তবে ইসরায়েল এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্সে এক পোস্টে বলেন, ৭ অক্টোবরের গণহত্যার পর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসকে পুরস্কৃত করার নামান্তর। তারা শান্তি চায় না, চায় ইসরায়েলের ধ্বংস।

বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেন ও আয়ারল্যান্ড ইতোমধ্যে এ স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এখনো এমন পদক্ষেপ নেয়নি।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ঘোষণায় বলেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা একটি অবিচ্ছেদ্য অধিকার। যুদ্ধবিরতি আমাদের সেই পথেই এগিয়ে দেবে।” তিনি ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে জরুরি ফোনালাপের পরিকল্পনার কথাও জানান।

প্রসঙ্গত, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৫৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজা সিটিতে প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে এবং দুর্ভিক্ষ পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে