চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০১ অপরাহন, জুলই ২৫, ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদারদিঘী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. হুমায়ুন (৩৭) – পিতা ছিদ্দিক আহমদ, বাহাদিরপাড়া, সাতকানিয়া, মো. মামুন (৩২) – একই এলাকার বাসিন্দা, মনির হোসেন (৪৫) – পিতা আবদুল সাত্তার, করাইয়ানগর আকবরপাড়া গ্রামের বাসিন্দা। তারা তিনজনই আত্মীয় এবং একটি মোটরসাইকেলে করে যাত্রা করছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে জানান, সিকদারদিঘী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা পার্শ্ববর্তী সড়ক থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে পড়ে। এতে তিনটি যানবাহন একসঙ্গে দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলেই দুইজন মারা যান, অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, মহাসড়কে সচেতনতা ও ট্রাফিক নিয়ম না মানার কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা।

Nagad