নিলামে সাড়া নেই সাবেক এমপিদের আনা গাড়ি, বিকল্প ভাবনায় এনবিআর
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল গাড়িগুলো নিলামে বিক্রি হচ্ছে না, জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিকল্প ব্যবহারের চিন্তা করছে সংস্থাটি।
শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম কাস্টম হাউসে এক মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, গাড়িগুলো নিলামে তোলা হয়েছিল, কিন্তু আশানুরূপ ফল আসেনি। এখন কিছু সরকারি সংস্থা ৬০ শতাংশ দামে নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে পানির দামে বিক্রির পক্ষে আমরা নই।
তিনি আরও বলেন, একেকটি গাড়ির বাজারমূল্য ৮ থেকে ৯ কোটি টাকা। যদি উপযুক্ত দাম না পাই, তাহলে এদের বিকল্প ও ফলপ্রসূ ব্যবহারের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এনবিআর চেয়ারম্যান জানান, বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিপজ্জনক ও অপ্রয়োজনীয় কার্গো সরিয়ে ফেলা হয়েছে। এরমধ্যে অনেক গাড়ি সময়মতো নিলামে না দেওয়ায় এখন অকেজো হয়ে গেছে, যা দেশের জন্য আর্থিক ক্ষতির কারণ।
বর্তমানে বন্দরে প্রায় ৬ হাজার কনটেইনার আটকে রয়েছে বলে জানান তিনি। দ্রুত এসব কনটেইনার খালি করতে ১০০ কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে ৯০ শতাংশ ইনভেন্টরি শেষ হয়েছে এবং বাকি কাজ আগামী চার মাসে শেষ হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য মোয়াজ্জম হোসেন, কাজী মোস্তাফিজুর রহমান, মুবিনুল কবির, চট্টগ্রাম কাস্টম কমিশনার শফি উদ্দিন, এবং সিঅ্যান্ডএফ এজেন্ট নেতৃবৃন্দ।

