আমরা ফেল করলেও ফারহান ফাইয়াজরা দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা ফেল করলেও ফারহান ফাইয়াজরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে জুলাই আন্দোলনের খুনিদের কোনো জায়গা নেই।
শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জুলাই আন্দোলনে শহীদ শিক্ষার্থী ফারহান ফাইয়াজসহ অন্যান্য তরুণদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, জাতি পিছিয়ে নেই, জাতি এগিয়ে যাচ্ছে। আমরা ফেল করলে, আমাদের নর্দমায় ফেলে দেবে। কিন্তু তরুণরা থামবে না। যতক্ষণ না দেশ ঠিক হয়, তারা কাজ চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ছিল একটি গণবিপ্লব। এটা অভ্যুত্থান নয়, এটা ছিল তরুণ প্রজন্মের গণজাগরণ। আমরা সৌভাগ্যবান, কারণ আমাদের এই ‘গোল্ডেন জেনারেশন’ আছে।
শফিকুল আলম জানান, গত বছরের ১৮ জুলাই যে ঘটনায় ফারহান ফাইয়াজ শহীদ হন, সেই ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। ফাইয়াজকে যারা গুলি করেছে তাদের একজনকে শনাক্ত করা হয়েছে। কিন্তু এখনো কিছু খুনি অহমিকা নিয়ে কথা বলে। আমরা থাকতে এই দেশে খুনিদের কোনো জায়গা নেই, যোগ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যু তৎকালীন সরকারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করে এবং তরুণ প্রজন্মের জাগরণে অনুপ্রেরণা হয়ে ওঠে।

