‘মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না’
মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো সংস্কারই টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুম কমিশনের কার্যক্রম আশানুরূপ নয়, নিখোঁজদের পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেবে বিএনপি।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক খেলার মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত “গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু” শীর্ষক পথযাত্রা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আমরা সংস্কার চাই। কিন্তু সে সংস্কার যদি মানুষের সার্বিক উন্নয়নে না আসে, শিশুদের ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা না রাখে এবং একটি নিরাপদ ভবিষ্যৎ দিতে না পারে— তাহলে সে সংস্কার কোনো কাজে আসবে না।
গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল বলেন, যারা আত্মীয় হারিয়েছেন, যে শিশুরা বাবা বা ভাই হারিয়েছে— তাদের কষ্ট, বেদনা আমরা বুঝি। আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
গুম কমিশনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, একটা গুম কমিশন গঠন করা হয়েছে। তারা রিপোর্ট দাখিল করেছে। কিন্তু বাস্তবে নিখোঁজ ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তেমন কিছুই জানাতে পারেনি। বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনে উদ্যোগ নেবে।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও অংশ নেন।

