চূড়ান্ত হলো ‘জুলাই সনদ’: মধ্যরাতে দুই উপদেষ্টার স্ট্যাটাস
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। এতে ঘোষণা সংক্রান্ত নানা গুঞ্জনের পরিপ্রেক্ষিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”
অন্যদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুক আইডিতে সংক্ষিপ্তভাবে লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র আসছে…’
এরই মধ্যে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ নামে ঘোষণাপত্রের একটি খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকারের অধীন জাতীয় ঐকমত্য কমিশন। খসড়াটি মতামতের জন্য বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে পাঠানো হয়েছে।
সরকারি একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৫ আগস্টের আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র প্রকাশ করবেন। খসড়াটি সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে প্রস্তুত করা হয়েছে যাতে কোনো ধরনের বিতর্ক না সৃষ্টি হয়। এতে মোট ২৬টি দফা অন্তর্ভুক্ত রয়েছে।
ঘোষণাপত্রের খসড়ায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই মাসে অভ্যুত্থান সংঘটিত হয়।” যদিও শুরুতে বলা হয়েছিল, এটি হয়েছিল ছাত্র আন্দোলনের নেতৃত্বে।
২০২৪ সালের ২৯ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে প্রথমবারের মতো ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে ৩১ ডিসেম্বর তারিখে কর্মসূচি নির্ধারণ করা হলেও সরকার তখন তাতে সরাসরি জড়িত ছিল না।
পরবর্তীতে সংস্কার কমিশনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর মতামত ও ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সরকার নিজেই ঘোষণাপত্র তৈরির প্রক্রিয়ায় যুক্ত হয়।

