গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ড, ১১ ইউনিট কাজ করছে
রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের অন্তত ১১টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে চলছে অভিযান।
পঞ্চম তলায় এখনও অনেকেই আটকে আছেন বলে জানা গেছে। তাদের নিরাপদে নামিয়ে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মাইকিং করে নিচে নামতে অনুরোধ জানানো হচ্ছে মার্কেটের অন্য তলায় অবস্থানরত ক্রেতা ও বিক্রেতাদের।
মার্কেটের তৃতীয় তলায় থাকা এক দোকানি জানান, প্রথমে পঞ্চম তলার একটি দোকানে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি দোকানে। আগুনের মূল কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, আগুনের কারণে পঞ্চম তলায় প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছে, যা উপরের দিকে যাওয়া কঠিন করে তুলেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে নিচের তলার দোকানদাররা নিরাপত্তার কথা চিন্তা করে মালামাল বের করে নিচে নেমে আসছেন।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

