আ.লীগ কোনো অপকর্ম করলে ছাড় পাবে না: জাহাঙ্গীর আলম
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তারা কোনো অপকর্ম করলে তা সহ্য করা হবে না। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ গুপ্তভাবে কার্যক্রম চালাচ্ছে—এমন তথ্য আমাদের কাছে আছে। সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তার সম্পৃক্ততার কথাও উঠে এসেছে। তদন্ত চলছে। যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ সম্পর্কেও মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, এটি তদন্তসাপেক্ষ বিষয়। তদন্ত করলে বিস্তারিত বের হয়ে আসবে।
৫ আগস্টকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। জনগণ ও সাংবাদিকদের সহায়তা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনারা সত্য তুলে ধরুন। সত্য প্রচার করলে জনগণ উপকৃত হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের কার্যক্রম আরও কার্যকর হয়।

