অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করবেন মোশাররফ করিম
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম জানিয়েছেন, ভবিষ্যতে যদি অভিনয় ছেড়ে দেন, তাহলে তিনি সাংবাদিকতা করতে পারেন। তিনি মনে করেন, সাংবাদিকতা একটি সৃজনশীল পেশা, যা মানুষের গভীর উপলব্ধি ও অন্তর্দৃষ্টি তুলে ধরার সুযোগ তৈরি করে।
শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মোশাররফ করিম বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব। কিন্তু ১০-১২ দিনের বেশি অভিনয় থেকে দূরে থাকতে পারি না। তখন আবার মনে হয়, অভিনয়ই আমার জায়গা। অন্য কিছু পারি না, উপভোগও করি না।’
তবে বিকল্প ভাবনার জায়গায় সাংবাদিকতা সম্পর্কে গভীর আগ্রহের কথা জানান এই অভিনেতা। তার ভাষ্য, ‘অনেক আগে থেকেই মনে হয়, আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। কখনো হায়াত ভাইয়ের (আবুল হায়াত) দীর্ঘ ইন্টারভিউ নিতে ইচ্ছে করে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে—একজন মানুষকে আবিষ্কার করা, উপলব্ধি করা। আলাপ-আলোচনার মাধ্যমে নিজেও সমৃদ্ধ হওয়া যায়, অন্যরাও উপকৃত হয়। এ পেশাকে আমি শ্রদ্ধা করি। যদি কোনো দিন অভিনয় ছেড়ে দিই, সাংবাদিকতা করতে পারি।’
এদিকে মোশাররফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত: দ্য সার্কেল’ প্রদর্শিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডালাসে আয়োজিত ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ। মাহমুদুল হাসান টিপু পরিচালিত এই চলচ্চিত্রে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী রেবেনা রেজা জুঁই।
দর্শকপ্রিয় নাটক ও সিনেমার পাশাপাশি মোশাররফ করিমের এমন সৃজনশীল ভাবনা তার অনুরাগীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

