‘দেশের প্রতি আস্থা ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন আমীরে জামায়াত’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৩৪ অপরাহন, গাস্ট ২, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশে থেকেই জটিল হার্ট সার্জারি করিয়ে দেশের প্রতি আস্থা ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।

শনিবার (২ আগস্ট) দুপুরে জামায়াতের আমীরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ পূর্বক আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সামান্য অসুস্থ হলেই বিদেশে চিকিৎসা নিতে ছুটে যান। কিন্তু জামায়াতের মতো বৃহৎ দলের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান বিদেশি কূটনীতিকদের আহ্বান সত্ত্বেও দেশের বাইরে যাননি। এ সিদ্ধান্ত বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা ও দেশপ্রেমের নিদর্শন।

বুলবুল আরও বলেন, আমাদের আমীর প্রমাণ করেছেন তিনি মুখে যা বলেন, তা-ই বাস্তবেও করেন। এটাই জামায়াতের নীতি—আমরা যা বলি, তা-ই করি।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যদি জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে দেশের প্রতিটি নাগরিক আধুনিক চিকিৎসা সেবার সুযোগ পাবে। “বিদেশে নয়, বরং বিদেশিরাই একদিন বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে”—বলেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে মনোনীত প্রার্থী এডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর আব্দুস সুবর ফকির, ঢাকা-৮ আসনের প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনের প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্ল্যাহ প্রমুখ।

Nagad

এছাড়া সভায় মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ মাওলানা ফরিদুল ইসলাম, এডভোকেট এসএম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, সৈয়দ জয়নুল আবেদীন, শেখ শরীফ উদ্দিন আহমদ, কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।