সারা দেশ থেকে জনতা আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার
৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতাকে আনতে আট জোড়া (১৬টি) বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। অনুষ্ঠান শেষে এসব ট্রেনে অংশগ্রহণকারীদের নিজ নিজ গন্তব্যে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ উপলক্ষে ট্রেন ভাড়ার বিষয়ে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের পক্ষ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠানো হয়। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয়। সে অনুযায়ী রেল কর্তৃপক্ষ আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে এবং নির্ধারিত সূচি তৈরি করে।
বিশেষ ট্রেন পরিচালনায় ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা। এই ব্যয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ভাড়ায় এসব বিশেষ ট্রেন পরিচালিত হবে এবং তা নিয়মিত রেলসেবায় বিঘ্ন না ঘটিয়ে সম্পন্ন করা হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনগুলোর বিস্তারিত নিম্নরূপ:
উৎস জেলা/স্থান কোচ আসন নির্ধারিত ভাড়া
চট্টগ্রাম ১৬ ৮৯২ ৭ লাখ টাকা+
জয়দেবপুর (গাজীপুর) ৮ ৭৩৬ ৭২,৫০০ টাকা
নারায়ণগঞ্জ ১০ ৫১০ ৫৬,৫০০ টাকা
নরসিংদী ১২ ৬৫২ ৯৫,০০০ টাকা
সিলেট ১১ ৫৪৮ ৩.২৩ লাখ টাকা
রাজশাহী ৭ ৫৪৮ ৪.৮৫ লাখ টাকা
রংপুর ১৪ ৬৩৮ ১০.৫ লাখ টাকা
ভাঙা (ফরিদপুর) ৭ ৬৭৬ ২.৬১ লাখ টাকা
জুলাই অধিদপ্তর তাদের চিঠিতে বলেছে, ট্রেনগুলো দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে। কর্মসূচি শেষে রাত ৮-৯টার মধ্যে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করবে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৬টি কোচের সমন্বয়ে তৈরি করা একটি বিশেষ ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে।
এতে আসনসংখ্যা হবে ৮৯২টি। এর বাইরে দাঁড়িয়ে আরো অনেক মানুষ আসতে পারবে। এই ট্রেনটির জন্য রেল কর্তৃপক্ষ ভাড়া নির্ধারণ করেছে ৭ লাখ টাকার কিছু বেশি। গাজীপুরের জয়দেবপুর থেকে আরেকটি বিশেষ ট্রেন চলবে ৮টি কোচ নিয়ে। এতে যাত্রী আসন থাকবে ৭৩৬টি। এই ট্রেনটির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে সাড়ে ৭২ হাজার টাকা।
নারায়ণগঞ্জ-ঢাকা পথে ১০টি কোচ নিয়ে বিশেষ ট্রেনটি চলবে। এতে আসনসংখ্যা ৫১০টি। এই ট্রেনটির জন্য সাড়ে ৫৬ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। নরসিংদী থেকে ঢাকায় আসবে ১২ কোচের একটি ট্রেন। এটিতে আসনসংখ্যা ৬৫২টি। ভাড়া ধরা হয়েছে প্রায় ৯৫ হাজার টাকা। সিলেট থেকে ১১টি কোচ নিয়ে বিশেষ ট্রেন আসবে। এর কোচ সংখ্যা ১১টি এবং ট্রেনটিতে ৫৪৮টি আসন থাকবে। এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২৩ হাজার টাকা।
রাজশাহী থেকে ঢাকার পথে ট্রেন আসবে ৭টি কোচ নিয়ে। এতে আসন থাকবে ৫৪৮টি। এই ট্রেনটির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৫ হাজার টাকা। ১৪টি কোচ নিয়ে একটি বিশেষ ট্রেন আসবে রংপুর থেকে। এতে যাত্রী আসন থাকবে ৬৩৮টি। এই ট্রেনটির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ১০ লাখ টাকা। ফরিদপুরের ভাঙা থেকে ৭টি কোচ নিয়ে একটি ট্রেন আসবে। এতে আসনসংখ্যা হবে ৬৭৬টি। এই ট্রেনের ভাড়া প্রায় ২ লাখ ৬১ হাজার টাকা।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ ট্রেনগুলো পরিচালনার জন্য তারা একটি সূচি তৈরি করেছে। এর মধ্যে রংপুর থেকে আসা ট্রেনটি যাত্রা শুরু করবে কর্মসূচির আগের দিন, ৪ আগস্ট রাত সাড়ে ১১টায়। এর বাইরে দূরের গন্তব্য চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ৫ আগস্ট ভোরে ট্রেনগুলো ছেড়ে আসবে। ঢাকার আশপাশের জেলা গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেনগুলো ছাড়বে দুপুরের আগে আগে। অনুষ্ঠান শেষে দূরের গন্তব্যের ট্রেনগুলো আগে ফিরতি যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে কাছের গন্তব্যের ট্রেনগুলো ছাড়বে।
এর আগে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীন দলটি ঢাকা ও ঢাকার বাইরে তাদের সমাবেশগুলোতে মানুষ আনতে ট্রেন ভাড়া করত। আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামী ও বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল তাদের কর্মসূচিতে লোক আনতে নির্ধারিত টাকা দিয়ে ট্রেন ভাড়া করে।

