তারেক রহমান হ্যাজ অ্যা ড্রিম, সেই স্বপ্ন নিয়েই এগিয়ে যাবো: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:০৩ অপরাহন, গাস্ট ৪, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ চিন্তাধারাকে ‘স্বপ্ন’ হিসেবে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান হ্যাজ অ্যা ড্রিম। সেই ড্রিম নিয়েই আমরা সামনে এগিয়ে যাবো এবং জয় করবো।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘জুলাই গণঅভ্যুত্থান শোক ও বিজয় আয়োজিত’ যুব-সমাবেশে এসব কথা বলেন ফখরুল। সমাবেশের আয়োজন করে বিএনপির সহযোগী সংগঠন যুবদল।

ফখরুল বলেন, তারেক রহমান আমাদের যে পথ দেখাচ্ছেন, অর্থনীতি ও রাজনীতি নিয়ে দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন, তা শুনে আমার মার্টিন লুথার কিংয়ের সেই ঐতিহাসিক কথা ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ মনে পড়ে যায়। তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছি। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এবং বিগত আট বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো পুনর্গঠন করা। এই ট্রানজিশন পিরিয়ডে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, হাসিনা সরকারের অত্যাচার ও নিপীড়নের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসেছি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরস্পরকে দোষারোপ নয়, বরং সম্মিলিতভাবে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশে পরিণত করতে কাজ করি। মাথা উঁচু করে দাঁড়াই—সফল হবো।

এসময় তিনি তার বক্তব্যে বিএনপির শাসনামলের সাফল্যের বিভিন্ন গল্প তুলে ধরেন। তিনি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে দৃঢ় প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান। শেষে আয়োজনের জন্যে যুবদল নেতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

Nagad