সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, ১৫ সদস্যের স্কোয়াড
আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটরক্ষক ব্যাটার কাজী নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে ঘোষিত এই দলটি একটি চারদিনের ম্যাচ এবং ‘টপ এন্ড টি-২০’ নামে একটি বিশেষ সিরিজে অংশ নেবে।
আগামী বছর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের জাতীয় দলের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই এই সফরের আয়োজন করা হয়েছে। ৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দলের সদস্যরা।
‘টপ এন্ড টি-২০’ টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল প্রতিদ্বন্দ্বিতা করবে পাকিস্তান ‘এ’, নেপাল, বিগ ব্যাশ লিগের পার্থ স্কোরচার্স, মেলবোর্ন স্টারস এবং স্থানীয় দল নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে। টি-২০ সিরিজ শেষে ২৮-৩১ আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলবে তারা।
বাংলাদেশ ‘এ’ দলের পূর্ণ স্কোয়াড:
কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাইম (নাইম শেখ), জিসান আলম, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল এবং হাসান মাহমুদ।
টপ এন্ড টি-২০ সিরিজে বাংলাদেশের ম্যাচ সূচি:
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ টিআইও স্টেডিয়াম, ডারউইন
১৬ আগস্ট নেপাল ডিএক্সই এরেনা, ডারউইন
১৭ আগস্ট পার্থ স্কোরচার্স টিআইও স্টেডিয়াম, ডারউইন
১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক ডিএক্সই এরেনা, ডারউইন
২১ আগস্ট মেলবোর্ন স্টারস ডিএক্সই এরেনা, ডারউইন
২৩ আগস্ট অ্যাডিলেইড স্ট্রাইকার্স ডিএক্সই এরেনা, ডারউইন
২৪ আগস্ট সেমিফাইনাল ও ফাইনাল ডিএক্সই এরেনা, ডারউইন
চারদিনের ম্যাচের সূচি:
২৮-৩১ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম দক্ষিণ অস্ট্রেলিয়া (ভেন্যু এখনও নির্ধারিত নয়)।
এই সফরকে বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছে বিসিবি। তরুণদের মধ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতা সঞ্চয় এবং টেস্ট উপযোগী প্রস্তুতি নিশ্চিত করতেই এমন উদ্যোগ।

