রমজানের আগেই নির্বাচন জনদাবি ছিল: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছিল জনগণের দীর্ঘদিনের দাবি—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে চিঠি পাঠিয়েছে, এটা হচ্ছে গত এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিশিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল। সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন জানান, প্রধান উপদেষ্টা তার সরকারের বিভিন্ন কার্যক্রম, সংস্কার এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি দৃশ্যমান হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন। এখন তিনি সন্তুষ্ট হয়েছেন বলেই এ চিঠি দিয়েছেন।

তিনি বলেন, জনগণের এবং রাজনীতির পক্ষ থেকে বারবারই দাবি উঠেছিল যে, রমজানের আগেই যেন নির্বাচন হয়। এই বিষয়টি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনায়ও উঠে আসে এবং সেখানেই বিষয়টি নিয়ে সম্মতি তৈরি হয়।

সংস্কার ও বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হওয়ায় এখন জাতীয় ঐকমত্য গঠনের পথে অগ্রসর হওয়া যাচ্ছে বলে জানান তিনি। কমিশনের সঙ্গে আলোচনা এবং আলোচনার ভিত্তিতে সংস্কার ইস্যুতে একটি জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে, বলেন সালাহউদ্দিন।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ তৈরিতে প্রস্তুত হচ্ছি।

Nagad