শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫

আলোকচিত্রী ও সমাজকর্মী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।

এর আগে হাইকোর্ট এ মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছিলেন। রুলে জানতে চাওয়া হয়েছিল— কেন মামলাটি বাতিল ঘোষণা করা হবে না।

২০১৮ সালের ৬ আগস্ট রাজধানীর রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আওতায় শহিদুল আলমের বিরুদ্ধে মামলাটি করা হয়। এরপর ১২ আগস্ট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, শহিদুল আলম তার ফেসবুক টাইমলাইনে ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য প্রকাশ করে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালিয়েছেন। এতে জনমনে ভীতি সঞ্চার এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয় বলে দাবি করা হয় মামলায়। তবে দীর্ঘ আইনি লড়াই শেষে আজ আদালতের রায়ে মামলা বাতিল হলো।

Nagad