বিদেশে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গাজীপুরের ব্যবসায়ী কামরুন নাহার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

মালয়েশিয়ার কুয়ালালামপুরের সানওয়ে মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালক মিসেস কামরুন নাহার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

বুধবার (৭ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মৃত্যু হয় মস্তিষ্কের রক্তনালির জটিলতা ও রক্তক্ষরণজনিত রোগ সেরিব্রাল আর্টেরিওভেনাস ম্যালফরমেশন রাপচারের (Cerebral Arteriovenous Malformation Rupture) কারণে।

মিসেস কামরুন নাহার গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত ‘মিম টেক্স নিটিং, গার্মেন্টস অ্যান্ড প্রিন্টিং ইনস্টিটিউট লিমিটেড’-এর পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন মালয়েশিয়া ও বাংলাদেশের দ্বৈত নাগরিক।

চিকিৎসাধীন অবস্থায় তাকে তত্ত্বাবধান করেন সানওয়ে মেডিকেল সেন্টারের বিশিষ্ট চিকিৎসক ডা. টো চার্ন জেং (Dr. Toh Charng Jeng)।

মরহুমার মৃত্যুতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীসহ গাজীপুরের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। মিম টেক্স নিটিং, গার্মেন্টস অ্যান্ড প্রিন্টিং ইনস্টিটিউট লিমিটেড কর্তৃপক্ষ এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়ার আহ্বান জানানো হয়েছে।

Nagad