গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

ছবি: সংগৃহীত

ইসরায়েলের তেল আবিবসহ বিভিন্ন শহরে গাজা সিটি দখলের পরিকল্পনার প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা গাজা দখলের আগে বন্দী বিনিময় চুক্তি ও যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে।

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই বিক্ষোভে হামাসের কাছে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অংশ নেন এবং সাধারণ ধর্মঘটের ডাক দেন। তাদের আশঙ্কা, গাজা দখলের অভিযান শুরু হলে প্রিয়জনদের প্রাণহানি বাড়বে।

টাইমস অব ইসরায়েল সূত্র জানিয়েছে, এটি গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা ঘনবসতিপূর্ণ গাজা সিটি দখলের সিদ্ধান্ত নেয়। তবে সেনাবাহিনী সতর্ক করেছিল, এই পদক্ষেপ বন্দীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে, সৈন্যদের বিপদে ফেলবে এবং গাজায় মানবিক সংকটকে আরও গভীর করবে।

বন্দী ও নিখোঁজদের পরিবারের সংগঠন ‘হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ এক বিবৃতিতে বলেছে, সরকার আমাদের প্রিয়জনদের বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ওপর লাল সতর্কতার পতাকা উড়ছে।

সংগঠনটি নীতিনির্ধারকদের উদ্দেশে আহ্বান জানিয়েছে, সময় শেষ হয়ে গেছে। একটি পূর্ণাঙ্গ বন্দী বিনিময় চুক্তি করুন, যুদ্ধ থামান, আমাদের প্রিয়জনদের ফিরিয়ে দিন।

Nagad