নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ; তালিকা ৩১ আগস্ট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:২৮ অপরাহন, গাস্ট ১০, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) রোববার সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার, তবে মৃত বা অযোগ্য হিসেবে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। এই হালনাগাদের পর দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, খসড়া তালিকার ওপর ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে। এসব আবেদন নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, সারাদেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছরের ২ মার্চে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। গৃহীত কার্যক্রমে নতুন ভোটার যুক্ত হওয়ায় সংখ্যা বেড়েছে, তবে মৃত ও অযোগ্য হিসেবে কিছু ভোটার বাদ দেওয়া হয়েছে।

বিশেষ করে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন আইনে নবীন ভোটারদের এক বছরের অপেক্ষার প্রয়োজন আর থাকছে না।

সচিব জানান, ২০২৫ সালে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি—২ মার্চ, ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর।

এছাড়া, ভোটার তালিকায় নাম সংশোধন, অন্তর্ভুক্তি বা বাদ দেয়াসহ যেকোনো তথ্যগত ভুলের জন্য আবেদন করা যাবে ২১ আগস্ট পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তি করা হবে ২৪ আগস্টের মধ্যে।

Nagad