মিথ্যা তথ্যে ‘শূন্য’ রিটার্ন দিলে ৫ বছরের কারাদণ্ড: এনবিআরের সতর্কবার্তা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ‘জিরো রিটার্ন’ বা শূন্য রিটার্ন নামে কোনো রিটার্ন দাখিলের বিধান আইনানুযায়ী নেই। করদাতাদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য না দেওয়া হলে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
রোববার (১০ আগস্ট) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো: আল আমিন শেখ এক বিবৃতিতে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিলের ভুল ধারণা ছড়ানো হচ্ছে, যেখানে রিটার্নের সব ঘর শূন্য হিসেবে পূরণ করার প্রচার করা হচ্ছে। এই ধারণার বশবর্তী হয়ে কিছু করদাতা মিথ্যা তথ্য দিচ্ছেন বলে এনবিআর জানতে পেরেছে।
আয়কর আইন, ২০২৩ অনুসারে করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে দেখানো বাধ্যতামূলক। এসব তথ্য না দিয়ে মিথ্যা তথ্য প্রদান করলে ধারা ৩১২ ও ৩১৩ মোতাবেক ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে।
তবে, করদাতার প্রকৃত আয়ের পরিমাণ যদি করযোগ্য না হয়, তাহলে কোনো কর পরিশোধের প্রয়োজন নেই। কিন্তু সেই তথ্য সঠিকভাবে দিতে হবে। শূন্য রিটার্ন দাখিল করার সুযোগ আইনেই নেই।
এনবিআর আরও অনুরোধ করেছে, করদাতারা দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রকৃত তথ্য দেখিয়ে রিটার্ন জমা দিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুল ও প্রতারণামূলক ‘জিরো রিটার্ন’ ধারণার ফাঁদে পড়বেন না।
এ বছর থেকে সকল করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত অর্থবছরে প্রায় ১৭ লাখ করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছে, যাদের ৭০ শতাংশ কর দেয়নি, তবে রিটার্ন জমা দিয়েছিল। বর্তমানে এক কোটি ১২ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী রয়েছেন।

