যুক্তরাষ্ট্রের অস্টিনে দোকানে বন্দুক হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বিপণন প্রতিষ্ঠান ‘টার্গেট’-এর একটি স্টোরে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন ৩২ বছর বয়সী হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
অস্টিন পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরে গুলি চালানোর খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন সেই ব্যক্তি, যার গাড়ি ছিনতাই করে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়েছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী প্রথমে টার্গেট স্টোরের পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়। কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনায় পতিত হলে সে কাছাকাছি একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে। পরবর্তীতে শহরের দক্ষিণাঞ্চলে তাকে গাড়ি থেকে নেমে পালাতে দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি পুলিশকে ফোন করলে, অস্টিন পুলিশ টেজার ব্যবহার করে হামলাকারীকে কাবু করে হেফাজতে নেয়। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
অস্টিন-ট্রাভিস কাউন্টি ইএমএস প্রাথমিকভাবে চারজনকে আহত হিসেবে জানালেও পরে তা সংশোধন করে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। সূত্র: এবিসি নিউজ

