পাটপণ্যে ভারতের নিষেধাজ্ঞা রপ্তানিতে প্রভাব ফেলবে না: বাণিজ্য উপদেষ্টা
স্থলবন্দর দিয়ে ভারতে পাটপণ্য রপ্তানিতে দেশটির আরোপ করা নিষেধাজ্ঞা বাংলাদেশের রপ্তানিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। যতটুকু সংবেদনশীলতার সঙ্গে অ্যাড্রেস করা দরকার, আমরা সেটা করছি।
এর আগে সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয়, বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। কেবল মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানির অনুমতি দেওয়া হবে।
প্রজ্ঞাপনে যে চারটি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেগুলো হলো—পাট ও পাটজাতীয় কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি, পাটের বস্তা বা ব্যাগ।
নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

