পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড
সোয়া ছয় কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রতি ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়েছে, জরিমানা অনাদায়ে আসামিদের আরও ছয় মাসের সাজা ভোগ করতে হবে।
শামীমা নূর পাপিয়ার আইনজীবী শাখাওয়াত উল্লাহ ভুইয়া জানিয়েছেন, আসামিরা ইতোমধ্যে আদালতের দেওয়া সাজা ভোগ করেছেন।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়া ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। ওই বছরই অস্ত্র মামলায় তাদের ২০ বছরের কারাদণ্ড হয়।
তাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

