সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বেড়েছে
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে বাড়ানো হয়েছে। প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের উভয়ের ভাতা বৃদ্ধি করা হয়েছে। প্রশিক্ষার্থীদের ভাতা দ্বিগুণ এবং প্রশিক্ষকদের ভাতা ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা এক ঘণ্টার ক্লাসে ৩ হাজার ৬০০ টাকা পাবেন। উপসচিব ও তার নিম্ন পর্যায়ের কর্মকর্তারা এক ঘণ্টার ক্লাসে ৩ হাজার টাকা পাবেন। প্রশিক্ষণার্থীদের দৈনিক ভাতা গ্রেড-৯ থেকে তদূর্ধ্বের জন্য ১ হাজার ২০০ টাকা এবং গ্রেড-১০ থেকে তার নিম্ন পর্যায়ের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
কোর্স পরিচালকের দৈনিক সম্মানী বাড়ানো হয়েছে ২ হাজার টাকা, কোর্স সমন্বয়কের ১ হাজার ৫০০ টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী ১ হাজার টাকা করা হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) জারি করা হয়।
প্রজ্ঞাপনে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে-
>> মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তর কর্তৃক শুধু নিজ নিজ দপ্তরের কর্মচারীদের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য এটি প্রযোজ্য হবে।
>> মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রে এ স্মারক প্রযোজ্য হবে না।
>> প্রশিক্ষণের ব্যাপ্তিকাল দিনব্যাপী না হলে দুপুরের খাবার বাবদ কোনো ব্যয় করা যাবে না।
>> প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ক্ষেত্রে এ স্মারক প্রযোজ্য হবে না।
>> গ্রেড বলতে Substantive grade (মূল গ্রেড) বুঝাবে।
>> আদেশ জারির তারিখ থেকে পুনঃনির্ধারিত হার কার্যকর হবে।

