‘রোহিঙ্গাদের কণ্ঠস্বর আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার উদ্যোগ চলছে’
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটি কক্সবাজারে আয়োজন করা হবে এবং এটি জাতিসংঘের বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশ।
রোববার সকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংকালে ড. খলিলুর রহমান বলেন, “এই সম্মেলন রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য সমস্যাটির একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।”
তিনি আরও জানান, আন্তর্জাতিক সম্মেলনের আগে ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা’ শীর্ষক প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হচ্ছে। এতে রোহিঙ্গাদের কণ্ঠস্বর ও আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার প্রচেষ্টা চালানো হবে।
ব্রিফিংয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ মোট ৫০টি দেশের মিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ড. খলিলুর রহমান বলেন, “জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোই এ ধরনের সম্মেলনে অংশ নেয়। রোহিঙ্গারা সদস্য নয়, কিন্তু তাদের ভয়েস পৌঁছে দিতে আমরা উদ্যোগ নিচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যেই এ প্রক্রিয়ায় যথেষ্ট সাড়া দিচ্ছে।”
উল্লেখ্য, এই সম্মেলন রোহিঙ্গা ইস্যুর স্থায়ী সমাধানের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রতিফলন ঘটাবে।

