প্রিমিয়ার ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
আওয়ামী লীগ নেতা ডা. এইচ বি এম ইকবালের নিয়ন্ত্রণে থাকা প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির বিভিন্ন অনিয়ম, দুর্বলতা এবং সুশাসনের অভাবের কারণে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিচালনা পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে তিনটি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে— সুশাসনের ঘাটতি, নীতি বাস্তবায়নে দুর্বলতা এবং ঋণ ব্যবস্থাপনায় মারাত্মক বিশৃঙ্খলা।
নতুন ছয় সদস্যের বোর্ডে আগের কোনো পরিচালককে রাখা হয়নি। এতে পাঁচজন স্বতন্ত্র পরিচালক ও একজন উদ্যোক্তা পরিচালক অন্তর্ভুক্ত হয়েছেন। উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন ডা. আরিফুর রহমান।
স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ফোরকান হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক শেখ মোর্শেদ জাহান, এফসিএস চার্টার্ড সেক্রেটারি এম নুরুল আলম (প্রাইম ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক পদ থেকে পদত্যাগের শর্তে)।
তবে এখনো নতুন বোর্ডে কাউকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়নি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরবর্তী বোর্ড সভায় সদস্যদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

