কুমিল্লায় চাঁদা তুলতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল সায়েমের

কুমিল্লা সংবাদদাতা:কুমিল্লা সংবাদদাতা:
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্, গাস্ট ২২, ২০২৫

কুমিল্লা বিসিক শিল্পনগরীতে চাঁদাবাজির অভিযোগে মো. সায়েম (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় নগরের অশোকতলা বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সায়েম অশোকতলা এলাকায় বসবাস করতেন। তিনি পেশায় রিকশাচালক হলেও স্থানীয়দের অভিযোগ-তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও দোকানদারদের কাছে চাঁদা আদায় করতেন। তার স্থায়ী বাড়ি রংপুরে।

স্থানীয়রা জানান, সায়েম প্রায় সময় ব্যবসায়ী ও দোকানিদের কাছ থেকে জোরপূর্বক টাকা নিতেন। এতে ক্ষোভ জমে ওঠে এলাকাবাসীর মধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদা তুলতে গিয়ে বিসিকের জান্নাত ফুড ফ্যাক্টরির সামনে তাকে আটকায় স্থানীয়রা। একপর্যায়ে গণপিটুনিতে গুরুতর আহত হলে সায়েমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। সায়েমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে কেউ কেউ মিষ্টি বিতরণ করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, স্থানীয়রা দাবি করছেন নিহত সায়েম এলাকায় চাঁদাবাজি করতো। আজও একই উদ্দেশ্যে বের হলে গণপিটুনিতে তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সূত্র: জাগো নিউজ

Nagad