বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে যে বার্তা দিলেন ইসহাক দার
দীর্ঘ বিরতির পর ঢাকায় এসেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। নতুন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তার এই সফরকে ঘিরে কৌতূহল ছিল তুঙ্গে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে চারটায় গুলশানে পাকিস্তান হাইকমিশনে পৌঁছে তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন।
প্রথমে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসহাক দার এনসিপির সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি দুই দেশের যুবসমাজের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এনসিপি নেতারা তাকে ২০২৪ সালের রাজনৈতিক সংহতকরণের বিভিন্ন দিক অবহিত করেন। আলোচনায় ভবিষ্যতে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়ও উঠে আসে।
এরপর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, তিনি পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দেন। এসময় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর প্রসঙ্গ বিশেষভাবে আলোচনায় উঠে আসে। তিনি সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান আন্তরিকভাবে স্বীকার করেন এবং অতীতের উচ্চপর্যায়ের সম্পর্কের কথাও স্মরণ করেন।
বিএনপির সঙ্গে বৈঠকের আগে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে বৈঠক করেন। জামায়াতের নায়েবে আমীর আবদুল্লাহ মুহাম্মদ তাহের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক জোরদারের উপায় ও আঞ্চলিক সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামায়াত নেতাদের ধৈর্য, সাহস ও অবিচলতার প্রশংসা করেন।

