সিংহ একাই শিকার করে: মোদিকে হুঁশিয়ারি দিলেন থালাপতি বিজয়
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। সংগৃহীত ছবি
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ে পারাপাথিতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। সেখানে হাজারও সমর্থকের সামনে বিজয় বিজেপিকে আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করেন।
জনসভায় বিজয়ের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া তার হুঙ্কার এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বিজয় বলেন, সিংহ সবসময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই থাকে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। সিংহ একাই শিকার করে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে বিজয় পরোক্ষভাবে মোদিকে ইঙ্গিত করেছেন এবং নিজের জনপ্রিয়তা ও নেতৃত্বের আত্মবিশ্বাস স্পষ্ট করেছেন।
তিনি আরও জানিয়েছেন, ২০২৬ সালের নির্বাচনে তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে) কারো সঙ্গে জোটে যাবে না। বিজয়ের ভাষায়, আমাদের একমাত্র আদর্শিক শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো সুবিধাভোগীদের দল নয়। তেমন কারো সঙ্গে আমরা জোটবদ্ধ হবো না।
বিজয়ের এই স্পষ্ট অবস্থান এবং আত্মবিশ্বাসী ভাষণ তার রাজনীতিতে প্রবেশের মাত্র প্রথম ধাপ হলেও অনেকের মতে, তিনি তামিলনাডুর রাজনীতিতে শক্তিশালী তৃতীয় শক্তি হয়ে উঠতে পারেন।
২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে তার মন্তব্য কতটা প্রভাব ফেলবে তা সময়ই দেখাবে। সিনেমার তারকাদের রাজনৈতিক প্রভাব তামিল রাজনীতিতে নতুন নয়; এনটি রামা রাও, জয়ললিতা, কামাল হাসান-সবাই এই ধারার উদাহরণ। এবার সেই তালিকায় নতুন নাম থালাপতি বিজয়। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

