ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৪৩০ জন রোগী।
রোববার (২৪ আগস্ট) সকালে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া রোগী চট্টগ্রামের বাসিন্দা। এ ছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১০ জন।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২৮ হাজার ৬৩২ জন। এর মধ্যে পুরুষ ৫৯ দশমিক ২ শতাংশ এবং নারী ৪০ দশমিক ৮ শতাংশ। একই সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে। তাদের মধ্যে ৫৬ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ৫ শতাংশ নারী।