বাংলাদেশের প্রশংসা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্, গাস্ট ২৫, ২০২৫

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে বিশেষভাবে প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশকেও মানবিক ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।

স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানাচ্ছে। এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার যে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে, সেটি প্রশংসনীয়।

রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে তিন দিনের ‘স্টেকহোল্ডার সম্মেলন’ শুরুর দিনেই এ বিবৃতি দিল যুক্তরাষ্ট্র। আজ (সোমবার) ওই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্মেলনের প্রস্তাব ও সুপারিশগুলো আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় বৈঠকে উপস্থাপন করবে বাংলাদেশ সরকার।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযানের পর থেকে প্রায় ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই উখিয়া-টেকনাফের ক্যাম্পে প্রায় চার লাখ রোহিঙ্গা অবস্থান করছিল। বর্তমানে কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির গড়ে উঠেছে।

বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনকে অগ্রাধিকারে রেখেছে। তবে আন্তর্জাতিক মহল মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে আসছে ঢাকা।

Nagad