খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
খুলনায় পিকআপ ও যাত্রীবাহী ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে ডুমুরিয়ার জিলেরডাঙ্গা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, সংঘর্ষে ইজিবাইক চালক মোজাহিদুল মোড়ল ও যাত্রী রীনা খাতুন নিহত হয়েছেন। তৃতীয় নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাত যাত্রী নিয়ে ইজিবাইকটি ডুমুরিয়া বাজার থেকে খুলনার গল্লামারীর দিকে যাচ্ছিল। খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী পিকআপের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পিকআপ চালক ও হেলপার ঘটনার পর পালিয়ে গেছে। পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে যান ও ইজিবাইক উদ্ধার করেছে।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়েছে।

