‘শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম’
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন-ভূতের মুখে রাম নাম।
বুধবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়ার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগ রায় দিয়েছিল। আজ আমরা আদালতে বলেছি, এখন আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চাই। আমরা বিশ্বাস করি, দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। এর ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো ভাই-বোন কিংবা অভিভাবককে হারাতে হবে না। ভোট ও গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আর রক্ত দিতে হবে না।
তিনি আরও বলেন, আগের সরকার দাবি করেছিল, অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না। অথচ আওয়ামী লীগ সরকার নিজেই ছিল অনির্বাচিত। আমরা বরাবরই তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে ছিলাম। এখন দেখা যাচ্ছে, আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই ব্যবস্থাই চান। এ জন্যই বলেছি, ভূতের মুখে রাম নাম।