শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্, গাস্ট ২৮, ২০২৫

সংগৃহীত ছবি

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৭ আগস্ট) রাতে শাহবাগে গিয়ে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে তিনি বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অপ্রীতিকর যে ঘটনা ঘটানো হয়েছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং দুঃখপ্রকাশ করছি।

তিনি আরও জানান, অপ্রীতিকর এ ঘটনার জন্য বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের সবাইকে অনেক স্নেহ-ভালোবাসা। তোমরা ভালো থাকো—এই কামনা করি।

এর আগে সন্ধ্যায় উপদেষ্টা ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্য প্রতিনিধি দলের বৈঠক হয়। তবে বৈঠকে কোনো সমাধান না আসায় বৃহস্পতিবার বিকেলে আবারও সরকারের সঙ্গে আলোচনা হবে বলে জানানো হয়।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এই ঘটনার জন্য পুলিশ প্রতিনিধি ক্ষমা চাইবে।

উল্লেখ্য, পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টার দিকে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কগুলো অচল হয়ে পড়ে। দুপুর দেড়টার দিকে তারা যমুনার দিকে অগ্রসর হলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাসহ পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানেগ্যাস ও জলকামান নিক্ষেপ করে। পরে লাঠিচার্জে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় সাংবাদিকসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

Nagad