রাজধানীতে দুই সাংবাদিকের ওপর হামলা
রাজধানীর মতিঝিলে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক ও দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস হামলার শিকার হন। ভুক্তভোগীরা জানান, আলী নামে একজন ব্যক্তি তাদের সরে যেতে বললে তারা অস্বীকৃতি জানান। এরপর আলীসহ ৮-১০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে রেদওয়ানুল হক হাতে, মাথায় ও পিঠে আঘাত পান।
ভুক্তভোগী রেদওয়ানুল হক জানান, তারা আনাসের সঙ্গে ভবনটির নিচে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আলী নামে একজন ব্যক্তি সেখানে এসে তাদের সরে যেতে বলেন। সরে যেতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তাদের ওপর চড়াও হন। এরপর আরও ৮ থেকে ১০ জন উপস্থিত হয়ে লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এসময় রেদওয়ানুল হকের হাতে, মাথায় ও পিঠে আঘাত লাগে। তিনি এখনও হাসপাতালে যেতে পারেননি।
এ বিষয়ে মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ঘটনা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে আরও ফোর্স পাঠানো হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

